গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় সোমবার বিকেলে সড়ক অবরোধ করে সাঁওতালরা। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
লাঠি ও তির-ধনুক হাতে দুই শতাধিক সাঁওতাল এতে অংশ নেন।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাগদা-ফার্মের জমিতে ইপিজেড নির্মাণ না করার দাবিতে এ কর্মসুচি পালিত হয়।
সড়ক অবরোধ চলাকালে বক্তব্য দেন সাহেবগঞ্জ বাগদা-ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে।
তিনি বলেন, সাহেবগঞ্জ বাগদা-ফার্মের জমি সাঁওতালদের পৈত্রিক জমি। আর এই জমিতে ইপিজেড নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এখানে ইপিজেড নির্মাণ করা হলে সাঁওতালদের বাপ-দাদার জমি থাকবে না। তাই এখানে ইপেজেড নির্মাণের পরিকল্পনা বন্ধ করতে হবে। সরকার এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল কবির বলেন, এখানে ইপিজেড নির্মিত হলে অসংখ্য শিল্প-কারখানা গড়ে উঠবে। অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেখানে সাঁওতালদেরও কর্মসংস্থান হবে। এ ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরো বলেন, এসব বিষয় নিয়ে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) চেয়ারম্যান এলাকা পরিদর্শন ও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সভায় যোগদানের কথা রয়েছে।
এদিকে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা-ফার্ম এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে সোমবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চারমাথা এলাকায় মানববন্ধন করে উপজেলাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তনয় কুমার, মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় ও সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপিত হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবে। এতে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে ও জীবনমানের পরিবর্তন আসবে।
