ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ ও নড়াইলে ৩ তরুণকে হত্যা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:০৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের এক তরুণ খুন হয়েছেন। নড়াইলের লোহাগড়ায় যুবককে কুপিয়ে এবং ঝিনাইদহের হরিণাকু-ুতে তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া, পঞ্চগড়ের আটোয়ারীতে এক ব্যক্তির অর্ধগলিত, সাতক্ষীরার তালায় নবজাতকের, নেত্রকোনার কলমাকান্দায় গৃহবধূর ও পূর্বধলায় বৃদ্ধের এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:

ব্রাহ্মণবাড়িয়া : মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে রাজীব পাল (৩২) নামে মাদক নিরাময় কেন্দ্রের সহযোগী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরেক যুবক গুরুতর আহত হয়েছে। গত রবিবার রাত আটটার দিকে শহরের কাজীপাড়া  ধোপাবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব পাল নায়ায়ণগঞ্জের কে. সি. পালের ছেলে।

হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক রনিকে (৩০) গত রবিবার রাত সোয়া ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি রনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নড়াইল : শ্রম বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় সৈয়দ আলী শেখ (১৮) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মারা যান। সৈয়দ আলী শেখের বাড়ি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে। তার বাবার নাম আজিজার শেখ।

পরিবারের দাবি, গত শনিবার রাত আটটার দিকে সৈয়দ আলী পার্শ্ববর্তী লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামের নাসির শেখের বাড়িতে দিন মজুরির পারিশ্রমিক এক হাজার টাকা আনতে যান। কিন্তু টাকা চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে নাজমুলের পরিবারের লোকজন তাকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর অবস্থায় শনিবার রাতে সৈয়দ আলীকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে, এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেষে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

ঝিনাইদহ : হরিণাকু-ু উপজেলার শুড়া গ্রামের দোলোখালী মাঠের ব্রিজ এলাকা  থেকে গতকাল সোমবার সকালে গুলিবিদ্ধ অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হরিণাকু-ু থানার ওসি আবদুর রহিম মোল্লা জানান, ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে।

পঞ্চগড় : আটোয়ারী উপজেলায় ভাড়া বাড়ি থেকে ইয়াসিন জাহিদ চৌধুরী (৪৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে উপজেলার কলেজ রোড ছোটধাপ এলাকায় জাহের আলীর বাড়ি থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা : তালায় অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকার কপোতাক্ষ নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নেত্রকোনা : গতকাল সোমবার কলমাকান্দা উপজেলায় নাসিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ এবং পূর্বধলা উপজেলায় আবুল হাসেম খান (৬৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার ডেসকো বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে সোমবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত