কৃষককে মারধরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:০৫ এএম

নাটোরের সিংড়ায় দুই কৃষককে মারধরের ঘটনায় মকলেছ আলী নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাকে বাড়ি থেকে আটক করা হয়। এর আগে মারধরের শিকার কৃষক শাহাদত হোসেনের ছেলে মেজর আলী ইউপি সদস্য মকলেছ আলীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন।

বর্তমানে কৃষক শাহাদত হোসেন ও বেলায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আটক মকলেছ আলী ইটালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ইউপি সদস্যের আমন ধানের জমিতে প্রবেশ করে। এ সময় ইউপি সদস্য ও তার লোকজন ১১টি গরু বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ওই দুই কৃষক গেলে মকলেছ আলী

কৃষক বেলায়েতকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নির্যাতিত কৃষকের পরিবারের করা মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত