নদীতে বেড়াতে গিয়ে লাশ হলেন স্বামী-স্ত্রী সন্তান নিখোঁজ

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:০৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার উরখুলিয়া ও ভৈরবনগর গ্রামের মাঝামাঝি স্থানে তিতাস নদীতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫)। এ ঘটনায় রিয়াদ ও লিজা দম্পতির শিশুসন্তান মারিয়া (৮) নিখোঁজ রয়েছে। রিয়াদ তার স্ত্রী-সন্তানকে নিয়ে সিলেটে বসবাস করতেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াদ তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে নৌকায় করে বেড়াতে বের হন। এ সময় নদীতে একটি স্পিডবোট যাওয়ার সময় বড় ঢেউ সৃষ্টি হলে নৌকাটি ডুবে যায়। পরে নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু মারিয়া নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

নবীনগর থানার ওসি আমিনুর রশীদ গতকাল বিকেল পৌনে ৬টায় বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত