স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিজিএমইএ সভাপতির বৈঠক

নন-কটন ও টেক্সটাইল খাতে স্পেনকে বিনিয়োগের আহ্বান

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০১:৪৬ এএম

বাংলাদেশের নন-কটন ও টেক্সটাইল খাতে ইউরোপের অন্যতম দেশ স্পেনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে পোশাক খাতের শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিতেস বেনিতেজ সালাসের সঙ্গে বৈঠকের সময় এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি ফারুক হাসান।

গতকাল মঙ্গলবার বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে অর্জিত অগ্রগতিসহ পোশাক শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিএমইএ।

বৈঠকে ফারুক হাসান নন-কটন এবং টেক্সটাইল ও হাই-এন্ড পোশাক খাতে স্পেনের বিনিয়োগ এদেশে আসার ক্ষেত্রে রাষ্ট্রদূতের সাহায্য আশা করেন। তিনি বলেন, পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক সবুজ কারখানার অবস্থান এ দেশেই। এ ছাড়া অনেক পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সনদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এ মুহূর্তে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য উচ্চমূল্যের কৃত্রিম তন্তুজাত পোশাক রপ্তানি, নতুন পণ্য উৎপাদন প্রক্রিয়ার উদ্ভাবন এবং কারখানার ক্যাপাসিটির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পেনের রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি।

এ ছাড়া পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ও শিল্পের উন্নয়নে বিশেষ করে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তির উৎকর্ষ এবং পণ্যের বৈচিত্র্যকরণ করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।  বাংলাদেশ যেন সাবলীলভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে পারে সেজন্য স্পেন সরকারকে ‘ট্রানজিশন পিরিয়ড’ সম্প্রসারণের অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত