বিমানবন্দর রেলস্টেশনে ১৯৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১০:৫১ পিএম

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মে তল্লাশী অভিযানে ১৯৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাসেল ওরফে রফিক (৩২)। ধৃত রাসেল চট্টগ্রামের হাটহাজারী (কর্ণফুলী) থানার চড়লক্ষা গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে ইয়াবা ভর্তি ব্যাগসহ আটক করা হয়।

বিমানবন্দর রেলস্টেশনের ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে করে  যাত্রী রাসেল ওরফে রফিক (৩২) ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে এসে নামেন। পরে সে তড়িঘড়ি করে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম এলাকা দিয়ে বের হচ্ছিল। এ সময় বিমানবন্দর রেলওয়ে জিআরপি পুলিশের সদস্যরা চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে ট্রাভেল ব্যাগে এক হাজার ৯৯০ পিস ইয়াবাসহ রাসেলকে হাতেনাতে আটক করে।

এসআই আমিনুল ইসলাম আরো জানান, ইয়াবাসহ ধৃত রাসেল ওরফে রফিক পেশায় একজন মাদক কারবারি। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৭ হাজার টাকা।

প্রাথমিকভাবে জানা গেছে, এসব ইয়াবা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাসেলের নিয়ে যাওয়ার কথা ছিল।

রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা আরো জানান, জিজ্ঞাসাবদ শেষে রাসেলকে ঢাকা রেলওয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত