মাদারীপুরে নিখোঁজের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৪:৪৯ পিএম

মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পর বৃহস্পতিবার কুমার নদী থেকে শিহাব (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শিহাব মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের দেলোয়ার মজুমদারের ছেলে।

জানা গেছে, গত শনিবার দুপুরে বাড়ির পাশের কুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু শিহাব। ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করার পরেও শিশুকে উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার সকালে শিহাবের মরদেহ নদীতে ভেসে উঠে। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা বলেন, গত পাঁচ দিন যাবৎ খুঁজেছি কিন্তু পাইনি। ধারণা করতে পারিনি, আমার ছেলে পানিতে পড়তে পারে, তারপরও নদীতে খুঁজেছি কিন্তু কোনো খোঁজ মেলেনি। আজ সকালে লাশ ভেসে উঠে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শিকদার বলেন, গত শনিবার দুপুরে বাড়ির পাশের কুমার নদীতে শিশুটি গোসল করতে গিয়ে ডুবে যায়। দুই দিন নদীতে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারিনি। শিশুটি যে স্থানে গোসল করতে নেমেছিল তার অনেক দূরে বৃহস্পতিবার সকালে মরদেহ ভেসে উঠে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফউদ্দিন গিয়াস জানান, উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারের জন্য সহযোগিতার যথাসাধ্য চেষ্টা করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত