চেলসি ছাড়লেন জৌমা, রিয়াল থেকে ধারে ফিওরেন্তিনায় অদ্রিওজোলা

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০২:১১ পিএম

চেলসি ছেড়ে ওয়েস্ট হামে যোগ দিয়েছেন কার্ট জৌমা। ফরাসি সেন্টার-ব্যাকের সঙ্গে ২৯.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ৪ বছরের চুক্তি করেছে হ্যামার্সরা।

স্টামফোর্ড ব্রিজে ৭ বছরের অধ্যায়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লিগ কাপ জিতেছেন জৌমা। চেলসিতে থাকাকালীন ধারে সেঁত-এঁতিয়েন, স্টোক সিটি ও এভারটনে খেলেছেন ২৬ বছর বয়সী তারকা।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ওয়েস্ট হামে যোগ দিয়ে উচ্ছ্বসিত জৌমা বলেন, ‘আমি খুবই আনন্দিত ও গর্বিত’।

গত মৌসুমে চেলসির হয়ে ৩৬ ম্যাচ খেলেছেন তিনি। তবে কোচ টমাস টুখেলের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই জৌমা। তার বিকল্প হিসেবে সেভিয়ার ২২ বছর বয়সী ফরাসি ডিফেন্ডার হুলেস কৌন্দেকে টার্গেট করেছে চেলসি।

ফ্রান্স জাতীয় দলের হয়ে ৮ ম্যাচ খেলেছেন জৌমা। ব্লুজদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫১ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। ২০১৪ সালে সেঁত-এঁতিয়েন ছেড়ে চেলসিতে আসেন জৌমা।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় যোগ দিয়েছেন আলভারো অদ্রিওজোলা। এই স্প্যানিশ রাইট-ব্যাক গত মৌসুম ধারে কাটিয়েছেন বায়ার্ন মিউনিখে।

পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে আসার আলোচনার মধ্যে বার্নাব্যু ছাড়লেন অদ্রিওজোলা। রিয়াল সোসিয়েদাদ ছেড়ে ২০১৮ সালে রিয়ালে যোগ দেন তিনি।

সিরি’আর চলতি মৌসুমে পয়েন্ট তালিকার ১০ম স্থানে আছে ফিওরেন্তিনা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৩।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত