বাংলাদেশের কন্ডিশনকেই বড় চ্যালেঞ্জ মানছেন সিয়ার্স

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১১:৪৭ পিএম

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসে গত মঙ্গলবার। তিন দিন কোয়ারেন্টাইনে থাকার পর অনুশীলনের সুযোগ পায় তারা। এই কয়েক দিনের অনুশীলনে এখানকার কন্ডিশনকেই বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে দলটির তরুণ পেসার বেন সিয়ার্সের।

টাইগারদের বিপক্ষে সিরিজে সিয়ার্স রয়েছেন অভিষেকের অপেক্ষায়। অবশ্য বাংলাদেশে এর আগেও খেলতে এসেছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার। ২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। তার মতে, ওই সময় এমন কঠিন কন্ডিশনের মুখোমুখি হননি তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ধীর ও নিচু বাউন্স এবং গরম ও আর্দ্র আবহাওয়া চিন্তার কারণ সিয়ার্সের কাছে। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিয়ার্স বলেন, ‘এটা সত্যিই ভিন্ন ধরনের। বাড়ির মত নয়। এটা চোখে পড়ার মত। এটিকে ভিন্ন জগতের মতো মনে হয়।’

তিনি আরো বলেন, ‘এটি সত্যিই গরম। প্রথমবারের মতো আমি অনুশীলনে এত গরম অনুভব করছি। যখন আপনি অস্বস্তিবোধ করবেন তখন আপনাকে বোলিং করাটা মানিয়ে নিতে হবে। এটি বেশ আকর্ষণীয় ছিল।’

বাংলাদেশ ও পাকিস্তান সফরে প্রথম সারির খেলোয়াড়দের দলে রাখেনি নিউজিল্যান্ড। তাদের অনুপস্থিতিতে অভিষেকের সুযোগ রয়েছে সিয়ার্সের। অভিষেকের জন্য উচ্ছ্বসিত সিয়ার্স, ‘এটা অসাধারণ হবে। এখানে আসাটা একটি দুর্দান্ত সুযোগ। এটা খুবই দারুণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত