জামায়াত নেতার মেয়েকে ধর্ষণচেষ্টা শিবির নেতার!

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০১:৫৩ এএম

ফেনীর সোনাগাজীতে জামায়াতে ইসলামীর এক নেতার কিশোরী (১৪) মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে। গভীর রাতে ওই জামায়াত নেতার বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে হামিদুর রহমান আযাদ নামে ওই শিবির নেতাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

আযাদ ঘরে ঢোকার পর জামায়াত নেতার পরিবারের সদস্যরা টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটক করে রশি দিয়ে পেঁচিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। গত রবিবার গভীর রাতে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আশ্রাফ আলী কবিরাজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা হামিদুর রহমান আযাদ সোনাগাজীর মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রশিবির উত্তর শাখার সাবেক সভাপতি। এলাকাবাসী জানিয়েছে, শিবির নেতা আযাদের বিরুদ্ধে এর আগেও একাধিক নারীকে প্রেমের ফাঁদে পেলে প্রতারণার অভিযোগ রয়েছে।

সোনাগাজী মডেল থানা পুলিশ খবর পেয়ে গণপিটুনির শিকার শিবির নেতাকে উদ্ধার করে। ঘটনার রাতেই ধর্ষণচেষ্টার শিকার হওয়া কিশোরীর ভাই তার ফেইসবুক আইডি থেকে চুরির অভিযোগ করে শিবির নেতাকে রশি দিয়ে বেঁধে রাখার ছবি সংবলিত পোস্ট দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়ার পর বিষয়টি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ধর্ষণচেষ্টার শিকার হওয়া কিশোরীর বাবা জামায়াত নেতা বাদী হয়ে শিবির নেতা আযাদকে আসামি করে গতকাল সোমবার দুপুরে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ওই কিশোরীর বাবা দেশ রূপান্তরকে বলেন, ‘মেয়েকে প্রাইভেট পড়ানোর সুবাদে অভিযুক্তের (আযাদ) সঙ্গে আমার পরিবারের সখ্য গড়ে উঠে। এ সুযোগে সে আমার কিশোরী মেয়েকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। বিষয়টি আমার পরিবার জানতে পেরে তাকে প্রাইভেট পড়ানো থেকে অব্যাহতি দেওয়া হলে সে ক্ষিপ্ত হয়। পরে রবিবার রাত ২টার দিকে সে আমার বাড়িতে এসে মেয়ের শয়নকক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতন করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে আটক করলে স্থানীয় জনতা জানতে পেরে তাকে রশি পেঁচিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ছবি ছড়িয়ে হেয়প্রতিপন্ন করার অভিযোগে শিবির নেতা আযাদের বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে কিশোরীর ভাইয়ের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। ওই মামলায় পুলিশ কিশোরীর ভাইকে গ্রেপ্তার করেছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পাল্টাপাল্টি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণচেষ্টার মামলার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আগামীকাল (আজ মঙ্গলবার) ম্যাজিস্ট্রেট আদালতে ভিকটিমের জবানবন্দি গ্রহণ শেষে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত