৯৯৯ থেকে ফোন পেয়ে রাজবাড়ী থেকে মেছোবাঘ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০৮:০২ পিএম

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর কল পেয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে এক মুরগির খামারির পাতা ফাঁদ থেকে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ওই এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়। সেখানে মেছো বাঘটিকে দেখতে অনেক মানুষ ভিড় করে। এ কারণে, ভিড় এড়াতে মেছো বাঘটিকে নিরাপদে কালুখালী থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বন বিভাগকে খবর পাঠানো হয়েছে। বন বিভাগের মেছো বাঘটিকে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাড়িভাঙ্গা গ্রামের সোহাগ মোল্লার মুরগির ফার্মে বেশ কিছুদিন ধরে মুরগির সংখ্যা কমে যাচ্ছিল। শেয়াল মুরগি খেয়ে ফেলছে, এমন ধারণা করে তিনি একটি লোহার খাঁচায় শেয়াল ধরার ফাঁদ বসায়। সেই ফাঁদে সোমবার দিবাগত রাতে আটকা পড়ে প্রায় সাড়ে তিন ফুট আকারের মেছোবাঘটি।

রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, 'এটিকে মেছোবাঘ বলা হয়। এ ধরনের প্রাণীরা সাধারণত জঙ্গলে বাস করে। তারা মাছ, মুরগি খেয়ে জীবনধারণ করে।'

মেছো বাঘটিকে উদ্ধার করে লোকালয় বা জনবসতি নেই এমন স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত