টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিম ইকবাল এই ফরম্যাটে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা পাননি। টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে সফরে তিনি এই ফরম্যাটকে বিদায় জানান।
বুধবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বোর্ডের ১১তম সভায় কেন্দ্রীয় চুক্তির তালিকাটি অনুমোদন পায়।
তিন ফরম্যাট মিলে মোট ২৪ জন খেলোয়াড় রয়েছেন নতুন কেন্দ্রীয় চুক্তিতে। যার মধ্যে তিন ফরম্যাটে রয়েছেন মাত্র ৫ জন। তারা হলেন- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে। মাহমুদউল্লাহ রয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে। টেস্ট অধিনায়ক মুমিনুল হক রয়েছেন শুধু টেস্টের চুক্তিতেই।
মুমিনুল হক ছাড়া শুধু টেস্টের চুক্তিতে রয়েছেন- নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান ও ইবাদত চৌধুরী।
তামিম ইকবালের মতো শুধু টেস্ট ও ওয়ানডের চুক্তিতে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
মাহমুদউল্লাহর মতো শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকারা হলেন- মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।
শুধু টি-টোয়েন্টির চুক্তিতে রয়েছেন- সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন।
