তামিমের সিদ্ধান্ত তার ওয়ানডে অধিনায়কত্বে ইতিবাচক প্রভাব ফেলবে: মাশরাফী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। এ বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার মতে, এই সিদ্ধান্ত তামিমের ওয়ানডে দলের নেতৃত্বের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

মাশরাফী নিজের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লিখেছেন, ‘কোনো কোনো সিদ্ধান্ত মানুষের জীবন পাল্টে দেয়। এ সিদ্ধান্তের পর তামিম যখন পরের ম্যাচে ওয়ানডে অধিনায়ক হিসেবে মাঠে নামবে, তখন সৌম্য, লিটন, নাঈমরাই ওর জন্য জীবন বাজি রেখে খেলবে। কারণ, কেউ রাখুক আর না-ই রাখুক, তামিম ওদের কঠোর পরিশ্রমের প্রতি শ্রদ্ধা রেখেছে।’

দেশের সবচেয়ে সফল ওপেনার তামিম বুধবার ফেইসবুকে ঘোষণা দেন, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না। অনেক দিন ধরেই টি-টোয়েন্টির বাইরে তিনি। এ অবস্থায় তার সরাসরি বিশ্বকাপ দলে আসাটা তরুণদের জন্য ‘অবিচার’ হবে বলেই মন্তব্য করেন তিনি।

তামিম সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটিতে খেললেও দ্বিতীয় ম্যাচে ছিলেন না তিনি। এরপর করোনা বিরতি কাটিয়ে বাংলাদেশ এ বছর মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। তামিম সেই সফরে ওয়ানডেতে খেললেও টি-টোয়েন্টিতে খেলেননি।

এরপর জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি ও টেস্ট খেলেননি তামিম। ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও।

মাশরাফী বলছেন, ‘সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, তামিমকে ড্রেসিংরুমে সবাই খুবই পছন্দ করে। কিন্তু ১৬টি আন্তর্জাতিক ম্যাচ বা অনুশীলন ম্যাচ ছাড়া দলে ঢুকলে এবার ওকে সবাই কতটা স্বাগত জানাত, সেটি হয়তো ওকে ভাবিয়েছে।’

মাশরাফীও ইঙ্গিত দিয়েছেন, অনেক দিন টি-টোয়েন্টি না খেলে তামিম সরাসরি বিশ্বকাপে খেললে সেটা তরুণদের প্রতি অবিচার হতো।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের কথা উল্লেখ করে মাশরাফী লিখেন, ‘যে উইকেটে খেলা হচ্ছে, সেখানে রিয়াদ (মাহমুদউল্লাহ) ছাড়া দলের আর কোনো খেলোয়াড়ই ৫০ ছুঁতে পারেনি। সৌম্য, লিটন বা নাঈমদের সত্যিকারের ব্যাটিং উইকেটে খেলতে না দিয়ে বিচার করাটা সত্যিই অন্যায় হবে। কঠিন সিরিজগুলো তো এই ছেলেরাই পার করেছে।’

তামিমকে সেরাদের সেরা উল্লেখ করে মাশরাফী আরো লিখেন, ‘তামিম এখনো সেরাদের সেরা এবং সে সেরাদের সেরা হয়েই থাকবে। টি-টোয়েন্টিতে জোর করে খেলে অবশ্যই টেস্ট আর ওয়ানডেতে দলের সেরা ব্যাটসম্যানকে নিষ্প্রভ কেউ দেখতে চাইবে না। তামিমের এখনো অনেক ম্যাচ জেতানোর বাকি আছে। তামিম, তোমাকে আমরা অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে মিস করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত