সানোফির শেয়ার কেনার অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ এএম

সানোফি বাংলাদেশের প্রতিটি শেয়ার ২ হাজার ৪৪৫ টাকায় কিনতে পারবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বেক্সিমকোকে এ সংক্রান্ত অনুমোদন দিয়ে চিঠি পাঠিয়েছে।

এছাড়া সানোফির ১৯ লাখ ৬৩ হাজার শেয়ার কেনার জন্য বেক্সিমকোকে সর্বোচ্চ ৪৮০ কোটি টাকা বিদেশে কোম্পানিটির শেয়ারগ্রহীতাদের অনুকূলে পাঠানোরও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ২১ জানুয়ারি বেক্সিমকো ফার্মা সানোফি গ্রুপের সানোফি বাংলাদেশ লিমিটেডের বড় একটি শেয়ার ৩ কোটি ৫৫ লাখ ইউরো বা ৪১২ কোটি টাকায় অধিগ্রহণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

গত ২৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ এ সংক্রান্ত অনুমোদনের চিঠি পাঠায়।

ওই চিঠিতে বলা হয়, সানোফি বাংলাদেশের বিদেশি শেয়ারগ্রহীতাদের মধ্যে যুক্তরাজ্যভিত্তিক ফিশনস লিমিটেড ৮ লাখ ৮৬ হাজার শেয়ার এবং মে ও বেকার লিমিটেড তাদের ১০ লাখ ৭৬ হাজার শেয়ার বেক্সিমকোর কাছে বিক্রি করতে পারবে। প্রতিটি শেয়ারের দাম হবে সর্বোচ্চ ২ হাজার ৪৪৫ টাকা। মোট শেয়ার দর হবে সর্বোচ্চ ৪৮০ কোটি টাকা।

সানোফি এই টাকা বিদেশি মুদ্রায় রূপান্তর করে তাদের বিদেশি শেয়ারগ্রহীতাদের অনুকূলে পাঠিয়ে দিতে পারবে। এক্ষেত্রে ওই শেয়ারগ্রহীতাদের স্থানীয় সব নিয়ম-কানুন পরিপালনের কথা উল্লেখ করা হয় বাংলাদেশ ব্যাংকের চিঠিতে।

অবশ্য শেয়ার বিক্রেতা ও ক্রেতা উভয় পক্ষকেই শেয়ার বিক্রি বা হস্তান্তরের সব নীতিমালা পরিপালন করতে বলা হয়।

প্রযোজ্য কর, মার্চেন্ট ব্যাংকের ফি, আইনগত খরচাপাতি এবং আর্থিক পরামর্শের ফি ও ক্যাপিটাল গেইন ট্যাক্স শেয়ার বিক্রির মূল্য থেকে কর্তন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া হিসাব-নিকাশে কোনো ধরনের ভুল ধরা পড়ে তবে স্থানীয় কোম্পানি ও ব্যাংক বাড়তি অর্থ দেশে ফেরত আনার জন্য বাধ্য থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সানোফি বাংলাদেশের অবশিষ্ট ৪৫ দশমিক ৪ শতাংশ শেয়ার বাংলাদেশ সরকারের হাতে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের হাতে প্রায় ২০ শতাংশ এবং শিল্প মন্ত্রণালয়ের হাতে ২৫ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে সানোফির।

২০১৯ সালের ডিসেম্বর শেষে সানোফি ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ ৪৯ কোটি ৭৯ লাখ টাকা কর দেওয়ার পরও ৩৮৭ কোটি টাকা আয় করে। প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০৯ কোটি টাকা।

সানোফির পণ্যের মধ্যে ইনসুলিন, অনকোলজি, ডারমাটোলজি ও টিকা খুবই সুপরিচিত পণ্য; যা বেক্সিমকো ফার্মার কাছে খুবই সম্ভাবনাময় বলে মনে হওয়ায় তারা এই প্রতিষ্ঠানটির শেয়ার কেনার উদ্যোগ নেয়।

সানোফি বাংলাদেশের কর্মীদের অ্যাসোসিয়েশন গত ১৬ জানুয়ারি তাদের ক্ষতিপূরণের টাকা এবং পুরনো বকেয়া পরিশোধের দাবি জানায়। সানোফি গ্লোবাল ম্যানেজমেন্ট ২০১৯ সালের ১৪ অক্টোবর এর ৫৫ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্তের কথা জানানোর পরপরই এর কর্মীরা এই অ্যাসোসিয়েশন গঠন করেন। এই অ্যাসোসিয়েশনের নেতারা এখনো তাদের ১ হাজারের বেশি কর্মীর চাকরির নিরাপত্তা নিয়ে চিন্তিত রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত