গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গত বুধবার রাতে পিকনিকে নৃত্য পরিবেশন করতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছে দুই তরুণী। তাদের মধ্যে একজন দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী দুই তরুণীকে উদ্ধার করেছে গাজীপুরের কাপাসিয়া থানা-পুলিশ।
এ সময় উদ্ধার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। কাপাসিয়া থানার ওসি আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তারা মূলত পেশাদার নৃত্যশিল্পী, পিকনিকে নৃত্য পরিবেশন করার জন্য অর্থের বিনিময়ে তারা ওই পিকনিক দলে যোগ দেন। পিকনিকে নৃত্য পরিবেশন করার পর রাত হলেও তাদের নামিয়ে দেওয়া হচ্ছিল না। বরং পিকনিক দলের বেশ কিছু ছেলে তাদের ধর্ষণের পরিকল্পনা করে। এরপর ওই তরুণী কৌশলে লুকিয়ে ৯৯৯-এ ফোন করেন। তরুণী ৯৯৯-এর কাছে তাদের দ্রুত উদ্ধারের জন্য অনুরোধ জানান।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং পিকনিক দলে থাকা অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
