মির্জাপুরে আনাইতারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা মামলা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাটি ব্যবসায়ী মো. শরীফ হোসেন।

গত ৩১ আগস্ট টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে তিনি এই মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৫ মার্চ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার পরিষদের প্যাডে একটি চুক্তিপত্র করেন। এতে তিনি বলেন আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মাটি ব্যবসায়ী মো. শরীফ হোসেন লক্ষীন্দা খেলার মাঠ হতে মহদীনগর পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ সম্পন্ন করবেন।

প্রকল্পের বরাদ্দকৃত টাকা উত্তোলনের পর মাটি ভরাটের ৯ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করা হবে।

পরবর্তীতে টাকা চাইতে গেলে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চুক্তির কথা অস্বীকার করেন।

পরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর তার পরামর্শে চলতি বছর ২ আগস্ট চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কার্যালয়ে টাকার জন্য যান শরীফ হোসেন।

এ সময় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শরীফকে ভয়ভীতি দেখান এবং সন্ত্রাসী দিয়ে খুন করে লাশ গুমের হুমকি দেন। এই ঘটনার পর গত ৩১ আগস্ট শরীফ হোসেন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।

আটঘরি গ্রামের মীর ফজলুর রহমান বলেন, তার উপস্থিতিতেই আনাইতারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পরিষদের প্যাডে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।

মামলার বাদী শরীফ হোসেন বলেন, চেয়ারম্যানের সঙ্গে চুক্তি অনুযায়ী মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হয়েছে। পরে টাকা চাইতে গেলে চেয়ারম্যান চুক্তির কথা অস্বীকার করে উল্টো আমাকে হত্যার হুমকি দিয়েছেন।

আনাইতারা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, শরীফ একজন জালিয়াত। আমি পরিষদের কাজ ত্বরান্বিত করার স্বার্থে অনেক সময় খালি প্যাডে স্বাক্ষর করে রাখি। শরীফ সেই প্যাড চুরি করে জালিয়াতির মাধ্যমে আমার অগোচরে চুক্তিপত্র তৈরি করেছে।

শরীফের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আনাইতার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি কোর্ট পিটিশন হয়েছে। তদন্ত চলছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত