মির্জা ফখরুল বললেন

পুলিশ যখন সাংবাদিকতা করবে তখন বুঝতে হবে সব শেষ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৯ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের সব ক্ষমতা এখন পুলিশের কাছে। যখন পুলিশ সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে যে সব শেষ।’ গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত ‘তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার পুলিশকে অনেক ক্ষমতা দিয়েছে। ওরা তো নিজেরাই বলে যে বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এদের কাছেই এখন সব ক্ষমতা। পুলিশ যখন চোর ডাকাত ধরা বাদ দিয়ে এই কাজ করবে, তখন তার কাছে কী আশা করা যাবে?’

তিনি বলেন, ‘চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। চাঁদা আদায় করছে গরিব মানুষকে আটকে রেখে। আর এর মধ্যে তারা আবার নতুন কাজ শুরু করেছে। পুলিশ সাংবাদিকতা করবে। এটা কিন্তু সুদূরপ্রসারী।

আমলাদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি জেলায় ডিসি অফিসে যান দেখবেন ওখানে কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের চেয়ে তারাই বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ নাই তো এখন। এখন সব আমলা লীগ।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। তথ্যমন্ত্রী বলছেন সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে, তা প্রচারণা করার জন্য এখান থেকে অনুমতি নিতে হবে।’

সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি (শেখ হাসিনা) বলেছেন তারেক রহমানের মালয়েশিয়ায় কারখানা রয়েছে। আপনি অবৈধভাবে রাতের অন্ধকারে ক্ষমতায় এসেছেন।  আপনি তার একটি আইসক্রিমের কারখানার সন্ধানও তো দেখাতে পারেননি। আপনারা অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন। আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করছেন। আপনারাই জনগণের সঙ্গে ষড়যন্ত্র করছেন।’

সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত