বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিন দিনের সরকারি সফরে গতকাল সকালে ভারতের উদ্দেশে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর ০৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এই সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান, বিমানবাহিনীপ্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান।
সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এসময় তিনি ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন।
এছাড়াও সফরকালে তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী ০৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ সেনাবাহিনীপ্রধান দেশে প্রত্যাবর্তন করবেন।
