যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের মধ্যে আরও ১ লাখ মৃত্যুর আশঙ্কা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০২:০২ এএম

বিশ্বজুড়ে করোনার তান্ডবে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ভাইরাসটির সংক্রমণে ইতিমধ্যে দেশটিতে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে চলতি বছর তথা আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে আরও এক লাখ মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কয়েকটি পরিসংখ্যান। তবে টিকা প্রদানের মাধ্যমে সম্ভাব্য এ মৃত্যু ঠেকানো সম্ভব বলে মত দিয়েছেন স্বাস্থ্য ও চিকিৎসা বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এক ধারণাপত্রে দেখিয়েছে, কভিড-১৯ সংক্রমণের চলমান হার অব্যাহত থাকলে ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ মানুষের মৃত্যু হবে। তবে এমন কঠিন পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। তিনি বলেছেন, এখনো দেশের ৮ কোটি মানুষ টিকা গ্রহণ করেনি। আর টিকা গ্রহণ না করা লোকজনের মধ্যে ভাইরাসের সংক্রমণ হচ্ছে। হাসপাতালগুলোতে এখন এক লাখের বেশি কভিড-১৯ আক্রান্ত রোগী। তাদের অধিকাংশই টিকা না নেওয়ার দলে। আমরা এই পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে পারি। যেসব লোকজন এখনো টিকা গ্রহণ করেনি, তাদের টিকা প্রদানের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সৃষ্টি করতে পারলেই মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব।

সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাউসি বলেছেন, কোনো ধরনের আদর্শিক বা রাজনৈতিক বিতর্কে না গিয়ে জীবন রক্ষার জন্য টিকা গ্রহণ করার মাধ্যমেই এমন বহু মৃত্যুকে ঠেকানো সম্ভব।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এখনো প্রতিদিন গড়ে যুক্তরাষ্ট্রে দেড় লাখ লোকজনের মধ্যে সংক্রমণ শনাক্ত হচ্ছে। ডেলটা ভাইরাসের এ সংক্রমণ অনেক বেশি ছোঁয়াচে বলে স্বাস্থ্যসেবীরা বলছেন। যুক্তরাষ্ট্রে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। এখন অল্প বয়সীদের মধ্যে সংক্রমণের ঘটনা বেশি ঘটছে। স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের জন্য টিকা প্রদান বাধ্যতামূলক করার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি এর মধ্যে যারা পূর্ণ ডোজের টিকা গ্রহণ করেছে, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হালনাগাদ তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় গতকাল শনিবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৭ লাখ ৩ হাজার ৬৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৯৩৫ জনের। এর আগে গত শুক্রবার ২৪ ঘণ্টায় ১ লাখ ৮২ হাজার ৫৯৩ জনের করোনা শনাক্ত হয়। ওই এক দিনে মৃত্যু হয় ১ হাজার ৫১২ জনের।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত