বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেবা নেবে উজবেকিস্তান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪২ এএম

বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি বা আইটি এবং ‘আইটি এনাবল’ সেবা নিতে চায় উজবেকিস্তান। অন্যদিকে বাংলাদেশ চায় দেশটির গবেষণা ও উন্নয়নে অংশ নিতে। এ লক্ষ্যে দেশ দুটি শিগগিরই একটি সমঝোতা স্মারকে সই করার বিষয়ে একমত হয়েছে।

গত রবিবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল তাসখন্দে উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি উপদেষ্টা অলিমজন ইমারাভ ও উদ্ভাবনী উন্নয়নমন্ত্রী ইব্রোখিম ওয়াই আবদুর আখমনভের সঙ্গে বৈঠককালে এ বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

বাংলাদেশে তৈরি সফটওয়্যার ব্যবহার ও এদেশে বসে বাইরের দেশের বিজনেস প্রসেস সংক্রান্ত সেবা আউটসোর্স করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে উজবেকিস্তানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সম্মতি দেন বাংলাদেশের প্রতিনিধিরা।

বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার পর আগামী অক্টোবর মাসেই সমঝোতা স্মারক সইয়ে দুই দেশ সম্মত রয়েছে বলে সাংবাদিকদের জানায় আইসিটি মন্ত্রণালয়ে জনসংযোগ বিভাগ।

যৌথ অংশীদারত্বের মাধ্যমে দেশটির প্রযুক্তি খাতে অবদান রাখার পাশাপাশি উজবেক সরকার চাইলে তাদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন জুনাইদ আহমেদ পলক।

আইসিটি প্রতিমন্ত্রী এ সময় ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের উদ্যোগ তুলে ধরেন। জুনাইদ আহমেদ পলক বলেন, ‘উজবেকিস্তান আমাদের কাছ থেকে প্রযুক্তি সহযোগিতা চেয়েছে। বিনিয়োগেরও প্রস্তাব দিয়েছে।’ এসব প্রস্তাব ও সম্ভাবনাগুলো যাচাই করে উজবেকিস্তানের সঙ্গে প্রযুক্তি, জনবল কিংবা সেবা বিনিময়বিষয়ক চুক্তি হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত