পুলিশ মহাপরিদর্শকের নাম ও পদবি ব্যবহার করে ইমেইল ও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের একটি বিশেষ দল সোমবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ মাইনুদ্দিন (৪৩) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়।
মঙ্গলবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন জানান, গ্রেপ্তার আরিফ ম্যারেজ ডটকম নামের একটি কোম্পানির আড়ালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নাম, ছবি ও পদবি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল, ট্রুকলার, আইকন, হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালিয়ে আসছিলেন।
তিনি বিভিন্ন দপ্তর, বাণিজ্যিক ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের ফোন করে নিজেকে আইজিপি হিসেবে পরিচয় দিয়ে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করতেন।
ইমাম হোসেন জানান, গ্রেপ্তার আরিফ আইজিপি পরিচয় দিয়ে গত ২৬ আগস্ট তিনটি বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয়ে ফোন করেন এবং ২৯ আগস্ট একটি ব্যাংকের এক কর্মকর্তাকে ফোন করে ‘ভয় দেখিয়ে বিভিন্ন অনৈতিক আর্থিক সুবিধা’ দাবি করেন।
আরিফ নিজের নামে সিম রেজিস্ট্রেশন না করে তার এক কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এ ধরনের প্রতারণা করে আসছিল। তার কাছে এমন আরও অনেক সিম আছে। আমাদের ধারণা, শুধুমাত্র ইন্সপেক্টর জেনারেলই না, আরও কয়েকজন সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তা, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার পরিচয় ব্যবহার করেও তিনি প্রতারণা চালিয়েছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’
তিনি জানান, গ্রেপ্তার আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স শেষ করে একটি বেসরকারি ব্যাংকে কিছুদিন চাকরি করেছিলেন। পরে তার চাকরি চলে গেলে অর্থ উপার্জনের আশায় এ ধরনের প্রতারণামূলক কাজে যুক্ত হন।
গ্রেপ্তার আরিফ মাইনুদ্দিনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
