করোনা এসে সরকারের সুবিধা হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী করোনায় দুই বছরে গণভবন থেকে বের হননি। সাধারণ মানুষ তো ঘরে বসে থাকলে চলবে না। সরকার ঘরে বসে থাকছে আর আমাদের হুঁশিয়ারি দিচ্ছে বাইরে না বের হওয়ার। সভা-সেমিনার কেউ করতে পারবে না, করলেই আবার গ্রেপ্তার করছে।’ গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে বিএনপির উপজেলা শাখার উদ্যোগে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে দিক-নির্দেশনামূলক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নিজেদের ভুলত্রুটি ভুলে গিয়ে সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হোন। সব কলেজে সংগঠন তৈরি করতে হবে। যুবক, ছাত্র, তরুণরা ছাড়া পরিবর্তন আসে না আর এরাই এই দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই দানব সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।’
কটূক্তি করা বাদ দেন, মিথ্যাচার করা বাদ দেন, মানুষের সমস্যা সমাধান করার দিকে আসেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, ‘ব্যর্থতার জন্য আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করা উচিত। একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন যারা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। সাধারণ মানুষকে রক্ষা করুন না হলে এরাই আপনাদের ঘাড় ধরে নামাবে।’
বিএনপির মহাসচিব পুলিশের সমালোচনা করে বলেন, ‘সরকার নয়, বর্তমানে দেশের রাজা পুলিশ। পুলিশের কর্মকর্তাদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি। পুলিশ নিজেই এখন চুরি করে, অপহরণ করে মানুষকে। পুলিশ তো গর্ব করে বলে এই সরকারকে জয়ী করেছে তারাই।’ তাই দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্য হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য বলেন তিনি।
