আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কথা আগেই জানিয়েছিলেন তামিম ইকবাল। তবুও গুঞ্জন ছিল, শেষ মুহূর্তে হয়তো বিশ্বকাপের স্কোয়াডে রাখা হতে পারে ৩২ বছর বয়সী ওপেনারকে।
কিন্তু সেই গুঞ্জন সত্যি হয়নি। তামিমকে ছাড়াই ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ২০০৭ সালের পর টাইগাররা প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল এই অভিজ্ঞ ওপেনারকে বাইরে রেখে। পাঁচটি বিশ্বকাপ খেলা তামিমকে না পাওয়াটা দুর্ভাগ্যই বলতে হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য।
বৃহস্পতিবার দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানালেন, তামিমকে বিশ্বকাপে মিস করবেন তিনি। তার বিশ্বাস, বিশ্বকাপ শেষে ফের দলে ফিরবেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
নান্নু বলেন, ‘অবশ্যই তামিম আমাদের তিন ফরম্যাটের অন্যতম সেরা ক্রিকেটার। সে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে, আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা তাকে পাব। এটা সত্যি দুর্ভাগ্য। তামিমকে দল এবং আমরাও মিস করবো। তবুও আমরা আত্মবিশ্বাসী ও ভালভাবে ফিরে আসবে।’
তামিমকে পাওয়া না গেলেও বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে বাংলাদেশের তিন ওপেনার— লিটন দাস, মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার। তার মধ্যে বাকি সৌম্যের রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা।
প্রধান নির্বাচক নান্নু মনে করেন, তামিমের অনুপস্থিতিতে যারা সুযোগ পেয়েছেন তারা বিশ্বকাপে ভালো করবেন। তিনি বলেন, ‘অবশ্যই যারা সুযোগ পেয়েছে, এটা বিরাট প্লাটফর্মের মধ্যে আছে। তাদের অবশ্যই সামর্থ্য আছে ভাল খেলার এবং বিশ্বকাপে এই ওপেনারদের ওপর আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী যে ওরা ভাল করবে।’
