গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্তে ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪ জন ও নেত্রকোনার একজন রয়েছে।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৩৫ জনের মৃত্যু হল। এর আগে গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হারুন উর রশিদ (৯০) ও ফুলবাড়িয়া উপজেলার হাজি জসিম উদ্দিন (৮৩)।
এছাড়াও ময়মনসিংহ সদরের আব্দুল হাকিম (৮০), ফুলপুর উপজেলার আবুল হোসেন (৬৫) এবং নেত্রকোনা সদরের জ্যোতিন্দ্র (৮৩) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৫৪ শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪৫৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন।
