বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে জয়ের ধারা অব্যাহত রেখেছেন নোভাক জোকোভিচ। ইতালির মাত্তেও বেরাত্তিনিকে হারিয়ে ইউএস ওপেনের শেষ চার নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা।
শুক্রবারের সেমিফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন আলেক্সান্দার জাভেরভকে হারাতে পারলে ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন জোকোভিচ। ফাইনালে জিতলে পুরুষদের এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন বিশ্বের এক নম্বর বাছাই।
২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতে একই আসনে সময়ের তিন টেনিস তারকা রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও জোকোভিচ। এবার দুই প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ৩৪ বছর বয় সার্বিয়ান তারকার সামনে।
আর তার জন্য জিততে হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। এর আগে বছরের অন্য তিন গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছেন জোকোভিচ।
তবে ইউএস ওপেনের ফাইনালে উঠতে হলে বেশ ঘাম ঝরাতে হবে তাকে। কারণ গত জুলাইয়ে টোকিও অলিম্পিকের সেমিতে জাভরেভের কাছে হেরেছিল জোকোভিচ। জাভরেভ নিউইয়র্কের শেষ চারে উঠেছেন লয়েড হ্যারিসকে হারিয়ে।
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ ৫-৭, ৬-২, ৬-২ ও ৬-৩ গেমে হারিয়েছেন বেরাত্তিনিকে।
