আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করার কথা জানিয়েছে তালেবানরা। আর এই সিদ্ধান্তে তারা অটল থাকলে দেশটির ছেলেদের বিপক্ষেও খেলবে না অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়ায় আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম টেস্ট এখন অনিশ্চয়তায় ঝুলছে।
বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে বলা হয়, ‘ক্রিকেট সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার। এটা এমন একটা খেলা, যেটা সবাই খেলতে পারে। যে কোনো স্তরে নারীদের ক্রিকেট খেলাকে আমরা সমর্থন করি।’
‘সংবাদমাধ্যমে জানা গিয়েছে, নারীদের ক্রিকেটকে সমর্থন করছে না আফগানিস্তান। এই সিদ্ধান্ত বহাল থাকলে আফগানিস্তানের ছেলেদের বিপক্ষে হোবার্টে যে টেস্ট আয়োজন করার কথা ছিল, তা খেলা সম্ভব হবে না।’
২৭ নভেম্বর হোবার্টে শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়া-আফগানিস্তানের এই টেস্ট। মূলত এটি হওয়ার কথা ছিল গত বছর। তবে কোভিড পরিস্থিতিতে তা পিছিয়ে যায় এক বছর।
অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেন, ‘তালেবানের উপর নজর রাখা হচ্ছে। এটা চিন্তার বিষয়। কোনো খেলা থেকে নারীদের বাদ দেওয়া মেনে নেওয়া যায় না।’
তালেবান কর্তৃক আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করার বিষয়ে আইসিসির কাছে বিস্তারিত জানিয়েছেন কোলব্যাক। তিনি বলেন, ‘এই ভয়ংকর সিদ্ধান্তের বিপক্ষে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিত।’
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পরবর্তী বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আফগানিস্তনের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও দারুণ সাফল্য পেয়েছে তারা।’
