নাটোর শহরতলির পাইকোরদল গ্রামে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ঢাকায় কর্মরত সিআইডি পুলিশের উপপরিদর্শক খন্দকার আতিকুর রহমানের স্ত্রী সুমি বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী শ্যামলী (১২) নাটোর সদর উপজেলার পাইকোরদল গ্রামের মনজিল হোসেনের মেয়ে। গত বুধবার বিকেলে সুমি বেগম বাবা-মাকে দেখতে গৃহকর্মী শ্যামলীকে সঙ্গে নিয়ে পাইকোরদোল গ্রামে যায়। এ সময় শ্যামলীর শরীরের আঘাতের চিহ্ন দেখে আত্মীয়স্বজন জিজ্ঞাসা করলে শিশু গৃহকর্মী টানা তিন বছর ধরে চলা নির্যাতনের কথা তুলে ধরে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমি বেগম এবং শাশুড়ি দিলারা বেগমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় বুধবার রাতেই নাটোর থানায় সুমি বেগমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শ্যামলীর মা নার্গিস বেগম।
নির্যাতনের শিকার শিশু ও তার পরিবার জানায়, অভাবের তাড়নায় দরিদ্র বাবা-মা ভিকটিমকে মাসিক ১ হাজার ২০০ টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজে দিতে বাধ্য হয়। শ্যামলী তিন বছর আগে আতিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। এরপর থেকে শ্যামলীকে তার বাবা-মায়ের সঙ্গে আর দেখা করতে দেননি তারা। শুরুতে আট মাস নিয়মিত বেতন পাঠালেও পরে আর বেতন দেওয়া হয়নি। কাজে যোগ দেওয়ার এক মাস পর থেকেই নানা বিষয় নিয়ে গৃহকর্ত্রী সুমি শিশু গৃহকর্মী শ্যামলীকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তার শরীরে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা এবং বৈদ্যুতিক প্লাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানে চামড়া তুলে ফেলা হয়। এতে তার মাথা, হাত ও পায়ের আঙুলসহ পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে।
শিশু শ্যামলী জানায়, কাজে একটু ভুল করলেই তাকে প্রচুর মারধর করা হতো।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. তারেক জুবায়ের জানান, ‘পুলিশের একটি টিম মেয়েটিকে উদ্ধার করে এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সুমি বেগমকে আটক করেছে। আইন সবার জন্য সমান। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
