আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ হিসেবে আসছে বছরের মার্চে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডের সঙ্গে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সিরিজসহ আগামী গ্রীষ্মে নিজেদের মাঠের সিরিজগুলোর সূচি প্রকাশ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সেই সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ১৮ মার্চ শুরু হবে দুই দলের লড়াই। পরের দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ।
৩০ মার্চ শুরু প্রথম টেস্ট, ৭ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট। তবে কোনো ম্যাচেরই ভেন্যু চূড়ান্ত হয়নি এখনো।
বাংলাদেশ ২০১৭ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল, হেরেছিল সব ম্যাচেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে কোনো ফরম্যাটেই জয় নেই বাংলাদেশের।
