অক্টোবরের মাঝামাঝিতে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলগুলোও তাদের স্কোয়াড ঘোষণা দিচ্ছে একে একে।
আসন্ন বিশ্বকাপের জন্য দুজনকে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তার একজন প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক জেপি ডুমিনি। অন্যজন জাস্টিন স্যামন্স।
এনচ এনকুয়ে পদত্যাগ করার পর থেকে প্রোটিয়াদের সহকারী কোচ পদ খালি ছিল। সেই শূন্যস্থান পূরণে অস্থায়ী ভিত্তিতে ডুমিনি ও স্যামন্সকে নিয়োগ দিল দ.আফ্রিকা।
প্রোটিয়াদের সাবেক অলরাউন্ডার ডুমিনি বর্তমানে ক্রিকেট ক্লাব লায়ন্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। স্যামন্সেরও এই ক্লাবটির হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। ২০২১-২২ ঘরোয়া মৌসুমে তিনি দায়িত্ব নেবেন নর্থ ওয়েস্ট প্রভিন্সের।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের পর দক্ষিণ আফ্রিকার সাপোর্ট স্টাফে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবেন স্যামন্স। ডুমিনিও যোগ দেবেন ব্যাটিং বিভাগে।
ইতিমধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দ.আফ্রিকা। জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা ফাফ ডু প্লেসি ও ইমরান তাহিরের।
