নভেম্বরে বসছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫ পিএম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘বাংলাদেশ অনেক এগিয়েছে। তবে অগ্রগতির সঙ্গে বৈশি^ক বাজারে ব্র্যান্ডিংয়ে দেশ পিছিয়ে রয়েছে। আমরা ব্র্যান্ডিংয়ে অনেক পিছিয়ে রয়েছি। কিছুদিন আগে আমরা আমেরিকায় চার দিনের একটা রোড শো করেছি, সেখানেও প্রবাসীসহ অন্যরা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকার কথা বলেছেন।’

গতকাল রবিবার বিশ^ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১’-এর প্রাক-প্রস্তুতি শীর্ষ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে বিডার আয়োজনে আগামী ২৮ ও ২৯ নভেম্বরে বসছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এর আগে সর্বশেষ বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে। ২০২০ সালে এ সামিট হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে তা পিছিয়ে যায়। মহামারী পরিস্থিতির উন্নতি হলে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে অনুষ্ঠেয় এ আয়োজনের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, ‘এই সামিটের প্রথম উদ্দেশ্য থাকবে বিনিয়োগকারীদের মাঝে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সক্ষমতা তুলে ধরা।’ তিনি বলেন, ‘এই সম্মেলনের দ্বিতীয় উদ্দেশ্য থাকবে বিদেশি, দেশি, প্রবাসী কিংবা দেশি-বিদেশি যৌথ বিনিয়োগ নিয়ে আসা। বাংলাদেশে গত কয়েক বছরে ব্যবসা-বাণিজ্যের যে রকম অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, সুযোগগুলো আমরা নিতে পারিনি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। সম্মেলনে তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক শিল্প, কৃষি, চামড়া, ওষুধশিল্প, স্বাস্থ্য, পরিবহনসহ মোট ১২টি খাত নিয়ে আলোচনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)  নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ‘গত ১২ বছরে আমাদের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন বিস্ময়কর, এখন বিনিয়োগ আকর্ষণের জন্য বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরার সময়, আমাদের ইপিজেডগুলো বিশ^মানের বিনিয়োগের জন্য প্রস্তুত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের জন্য বিশ^মানের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছি, যার ফলে বাংলাদেশ হয়ে উঠেছে অপার সম্ভাবনাময় লাভজনক বিনিয়োগের দেশ। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই)  সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এই আসন্ন বিনিয়োগ সম্মেলনের মধ্যমে যৌথ ও বিদেশি বিনিয়োগ বহু অংশে বৃদ্ধি পাবে। যার ফলে একই সঙ্গে দেশি বিনিয়োগকারীরাও লাভবান হবেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আইএফসি এ আয়োজনের অর্থায়ন করবে। বিডা সেখানে এক কোটি টাকার মতো খরচ করবে বলে প্রাথমিকভাবে আমরা চিন্তা করছি।’

তিনি বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে সামিটটি শারীরিক ও ভার্চুয়াল দুই মাধ্যমেই অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত