সোনালি অতীত ফেরানোর দিকে চোখ দিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব (এমএসসি)। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে তারা দেশের সেরা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে।
গত রবিবার মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও তাসকিন আহমেদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে মোহামেডান। এই চার তারকা ছাড়াও ঐতিহ্যবাহী ক্লাবটি দেশের ক্রিকেটের আরও বেশ কয়েকজন পরিচিত মুখকে দলে ভিড়িয়েছে।
মাহমুদউল্লাহ-মুশফিক ছাড়াও মেহেদী হাসান, আবু জায়েদ, শুভাগত হোমের সঙ্গে চুক্তি করেছে মোহামেডান। এছাড়া ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার দুই তরুণ তারকা পারভেজ হোসেন ও পেসার হাসান মাহমুদকেও দলে নিয়েছে তারা।
আগের মৌসুমে মোহামেডানে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে এবারও দলে রেখে দেওয়ার ব্যাপারে আশাবাদী এমএসসি’র পরিচালক এজিএম সাব্বির।
সোমবার তিনি জানান, তারা সাকিব আল হাসানকে রেখে দেওয়ার ব্যাপারে আশাবাদী। গত মৌসুমে ৩৪ বছর বয়সী এই তারকার হাতে ছিল মোহামেডানের নেতৃত্ব। দলকেও লাইমলাইটে নিয়ে আসেন তিনি। সাব্বির বলেন, ‘সাকিবকেও রেখে দেওয়ার ব্যাপারেও আশাবাদী আমরা।’
ঢাকা ভিত্তিক ৫০ ওভারের এই ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে মোহামেডান শেষ শিরোপা জিতেছিল ২০০৮-০৯ মৌসুমে। এবারের আসর শুরু হতে পারে ২০২২ সালের মার্চে। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে এবার আশা করা হচ্ছে, মূল ফরম্যাটে ফিরবে ঘরোয়া লিগের এই আসর।
