বিশ্বে করোনাভাইরাসের প্রকোপ আরও কমেছে। প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে। যা ১১ মাসের মধ্যে সবচেয়ে কম। ২০২০ সালের ১ নভেম্বর বিশ্বে এক দিনে ৫ হাজার ৮২৭ জনের মৃত্যু হয়েছিল। এর পরে কোনো দিনই মৃত্যু ৬ হাজারের নিচে নামেনি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যাও গত ৩ মাসের মধ্যে সবচেয়ে কম। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৫৭৫ জন। এর আগে জুনের ১২ তারিখে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৯৯ হাজার ৬৬৯ জন।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য মতে, গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৪৬ হাজার ৭৬৮ জনে। মোট শনাক্ত হয়েছে ২২ কোটি ৫৬ লাখ ১৫ হাজার ৯৮০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ কোটি ২২ লাখ ৩৫ হাজার ৮৯০ জন।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন চার কোটি ১৮ লাখ ৫৩ হাজার ৩৬২ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৭৭ হাজার ৯৮৮ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ১৮ লাখ ৭১ হাজার ৮৬৮ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩২ লাখ ৬৩ হাজার ৫৪২ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪২ হাজার ৯০৭ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৭০৪ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি নয় লাখ ৯৯ হাজার ৭৭৯ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৬ হাজার ৮৮২ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৫০ হাজার ৪৭১ জন।
সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোতে চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে। তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু দেশের অবস্থা আবারও খারাপ হচ্ছে।
