সাগরে নিম্নচাপ, নিরাপদ আশ্রয়ে ফিরছে মাছ ধরার ট্রলার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

রবিবার থেকেই পাশাপাশি আকাশ মেঘলা হয়ে আছে। মাঝে মাঝে দমকা হাওয়া বইছে। এর প্রভাবে জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এদিকে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকা মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে নিরাপদে আশ্রয় নিচ্ছে।

বন্দরের খাপড়াভাঙ্গা নদীর দুই পাড়ে এখন কয়েক’শ মাছ ধরার ট্রলার নোঙর করে আছে। অপেক্ষায় রয়েছেন আবহাওয়া ভালো হলে সাগরে মাছ শিকারে যাওয়ার।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর খুব উত্তাল রয়েছে। চট্টগ্রামের, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে গভীর নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে রাববার বেলা ১২টা পর্যন্ত গত ৬ ঘণ্টায় ১৪.৬ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় ২১.৬ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত