এই গ্রীষ্মে লিওনেল মেসিকে সই করাতে পারবে পিএসজি, এমনটা ভাবেননি খোদ দলটির কোচ মরিসিও পচেত্তিনো।
গত মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় মেসির। তবে ৩৪ বছর বয়সী তারকা শৈশবের ক্লাবেই থেকে যেতে চেয়েছিলেন। এমনকি বার্সার অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে ৫০ শতাংশ পারিশ্রমিক কম নিতেও রাজি ছিলেন তিনি। এরপরও বার্সা তাকে জানিয়ে দেয়, নতুন চুক্তি করা সম্ভব হচ্ছে না তাদের। মেসি পরে পাড়ি দেন ফরাসি ক্লাব পিএসজিতে।
মেসি পিএসজিতে পাড়ি দেওয়ায় শুধু ক্লাবটির নয়, লিগ ওয়ানের গ্ল্যামারও অনেক বেড়ে গেছে। পচেত্তিনো বলছেন, ‘ও কেমন প্লেয়ার, ব্যাখ্যা করার মতো লোক বোধ হয় আমি নই। অন্যরা আরো ভালো ভাবে ওর বিশ্লেষণ করতে পারবে। এটুকু বলতে পারি, ও বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার।’
মেসি ও পচেত্তিনো দুজনই আর্জেন্টাইন। স্বদেশিকে নিয়ে পচেত্তিনো আরো বলেন, ‘ও টিমের সঙ্গে যোগ দেওয়ার পর দ্রুত মানিয়ে নিয়েছে। ট্রেনিংয়ে দারুণ পারফর্ম করছে। নিজের সর্বোচ্চ পর্যায়ে যাতে খেলতে পারে, তার জন্য কঠোর প্র্যাকটিস করছে।’
মেসি যে কোনো দিন তার কোচিংয়ে খেলতে পারেন, স্বপ্নেও ভাবেননি পচেত্তিনো। বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমি কখনো ভাবিনি ও আমাদের ক্লাবে সই করতে পারে। কিন্তু যখন পরিস্থিতি তৈরি হলো, তখন সবকিছু যেন দ্রুত হয়ে গেল। যে কারণে তখনই নিজের মনোভাব ব্যাখ্যা করার মতো পরিস্থিতি ছিল না।’
যোগ করেন, ‘আমরা দুজনই আর্জেন্টিনার লোক। আমরা দুজনই নিউওয়েলসের সাপোর্টার। আর আমরা দুজনই রোজারিওর লোক। ওর বিরুদ্ধে বহু দিন আগে খেলেছি, সেটাও ভুলে যাইনি। এখন ওই আমার কোচিংয়ে খেলছে। আশা করি আমরা সবাই মিলে ক্লাবের স্বপ্নপূরণ করতে পারব।’
