বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম চারদিনের ম্যাচটি খেলতে পারবেন না মুমিনুল হক ও মেহেদি হাসান মিরাজ।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে। ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মুমিনুলের। তবে পারিবারিক কারণে এখনো দলের সঙ্গে যোগ দেননি তিনি। অন্যদিকে মিরাজ করোনা আক্রান্ত। তাই প্রথম ম্যাচ খেলা হচ্ছে না তার।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুমিনুল-মিরাজের বদলে আপাতত দলে কাউকে যোগ করা হয়নি। এইচপি স্কোয়াডের বাড়তি ক্রিকেটারদের নিয়ে সমন্বয় করে এই ম্যাচ চালিয়ে নেওয়া হবে।
‘এ’ দল এবং এইচপি দল নিজেদের মধ্যে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে। দ্বিতীয়টি চার দিনের ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। এক দিনের ম্যাচগুলো হবে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর।
আরো পড়ুন
