বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার কথা হাস্যকর : কাদের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:০০ এএম

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বিএনপির জাতীয় সম্মেলন তো দূরের কথা, গত একযুগে তৃণমূল পর্যায়েও তারা কোনো সম্মেলন করতে পারেনি। যাদের দলেই গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। গতকাল বুধবার ওবায়দুল কাদের তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এক দিন বা এক বছরের বিষয় নয়, এটি সুদীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সরকার ও বিরোধী দলের আন্তরিক সহযোগিতা এবং চর্চার মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে চলে।’

‘কারফিউ গণতন্ত্র আর মুখোশধারী সেবকদের হাত থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুদ্ধার করেছেন শেখ হাসিনা’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চলার পথে ভুলত্রুটি যে হয়নি এমন নয়, তবে এ ত্রুটি সংশোধনের সৎসাহস শেখ হাসিনার দেখিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘দলগতভাবেও আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চায় দেশের যেকোনো রাজনৈতিক দলের চেয়ে এগিয়ে রয়েছে। নির্বাচনবিমুখ একটি দল কীভাবে গণতন্ত্রের কথা বলে? যে দলের মহাসচিব জনগণের ভোটে নির্বাচিত হয়ে পদত্যাগ করে, কিন্তু তার দল সংসদে রয়েছে, এটা কোন গণতন্ত্র?’

বিএনপি যতই কাল্পনিক অভিযোগ করুক প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই গণতন্ত্রের বিকাশের পথকে সংকুচিত করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপিই নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না গিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার হরণ করে, গণতন্ত্রকে সংকুচিত করে।’

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরিশাল সড়ক জোনের অধীনে নির্মিত ১২টি সেতু ভার্চুয়ালি উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত