শিরোপায়-ম্যাচে পোলার্ডকে ছুঁলেন ব্রাভো

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০১:১৬ এএম

প্রথমবারের মতো ফাইনালে উঠেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বুধবার নিজেদের মাঠে অনুষ্ঠিত আসরের উত্তেজনাপূর্ণ ফাইনালে ৩ উইকেটে গতবারের রানার্সআপ সেন্ট লুসিয়া কিংসকে হারিয়েছে তারা। জয়ের নায়ক অলরাউন্ডার ডমিনিক ড্রেকস। ১৬০ রান তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১০৫ রান তুলে প্যাট্রিয়টস। পরের চার ওভারে ফ্যাবিয়ান অ্যালেন ও শেলডন কটরেলকে হারানো ড্রেকস ১৩, ১১, ১০, ১২ রান রান তুলে নেন। শেষ ওভারে প্যাট্রিয়টের দরকার হয় ৯ রান। প্রথম ৪ বলে ৪ রান উঠলে শেষ দুই বলে লাগে তাদের আরও ৫ রান। পঞ্চম বলে কেসরিক উইলিয়ামসকে চার মেরে স্কোর সমান করেন ড্রেকস। শেষ বলে সিঙ্গেল নিয়ে পৌঁছান লক্ষ্যে। ২৪ বলে ৪৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন ড্রেকস। 

ম্যাচটি খেলতে নেমেই কাইরন পোলার্ডের একটি কীর্তি স্পর্শ করেন জয়ী দলের অধিনায়ক ডুয়াইন ব্রাভো। জয়ের পর তিনি ছুঁয়ে ফেলেন পোলার্ডের আরেকটি রেকর্ড। ফাইনালটি ছিল ব্রাভোর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ। এই সংস্করণে ৫০০ ম্যাচ খেলার অসাধারণ কীর্তি এতদিন ছিল পোলার্ডের একার। পোলার্ডের ম্যাচ এখন ৫৬১টি। ব্রাভোর ৫০০ হলো। ৪৪৬ ম্যাচ নিয়ে বেশ পেছনে ক্রিস গেইল, শোয়েব মালিকের ম্যাচ ৪৩৬টি।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো ব্রাভোর এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫তম শিরোপা। সবচেয়ে বেশি শিরোপার রেকর্ডেও তিনি নাম লেখান পোলার্ডের পাশে। গত নভেম্বরে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জিতে ব্রাভোকে ছাড়িয়ে গিয়েছিলেন পোলার্ড। এবার ব্রাভোর শিরোপা জয়ে দুজন এখন পাশাপাশি। সামনেই আইপিএলে দুজনের সুযোগ থাকবে রেকর্ডটি একার করে নেওয়ার। ১৩ ট্রফি জিতে এই দুজনের পেছনে আছেন শোয়েব মালিক। রোহিত শর্মা ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ১০টি, লাসিথ মালিঙ্গা ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান ৯টি করে। এবারের জয়ে সিপিএলেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্রাভো। এই টুর্নামেন্টে পাঁচটি শিরোপা জয়ের অংশ হলেন তিনি। এই কীর্তি নেই আর কারও। এই পাঁচ সিপিএল শিরোপার চারটিই তিনি জিতলেন অধিনায়ক হিসেবে। দুটির বেশি সিপিএল শিরোপা পাননি আর কোনো অধিনায়ক।

১৫ শিরোপার মধ্যে এই সিপিএল জয় অবশ্য তার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে থাকবে, ম্যাচ শেষে বললেন ব্রাভো, ‘নিজেকে চ্যালেঞ্জ করে আমি এই দলে এসেছিলাম যে দেখি, কিছু করতে পারি কি না। নতুন ফ্র্যাঞ্চাইজি, নিজের স্বস্তির সীমানার বাইরে গিয়ে, জানতাম না এখানে পথচলা কেমন হবেৃ এই ট্রফি জয় তাই আমরা কাছে সেরা তিন শিরোপার মধ্যে থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত