মাত্র ৪৫ বছরেই চলে গেলেন বেঙ্গলের সাবেক স্পিনার মুর্তজা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৩ পিএম

বেঙ্গলের সাবেক বাঁহাতি স্পিনার এবং মিজোরামের অনূর্ধ্ব-১৯ দলের কোচ মুর্তজা লদগার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

শুক্রবার রাতে বিশাখাপত্তোমে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মুর্তজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।

মিজোরাম কোল্টসের সঙ্গে পোর্ট সিটিতে ছিলেন মুর্তজা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ঘরোয়া মৌসুমের ভিনু মানকাড ট্রফিতে খেলার জন্য দলকে প্রস্তুত করছিলেন তিনি।

মুর্তজার মৃত্যু প্রসঙ্গে ডালমিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘ডিনারের ঠিক পরে এই ট্র্যাজেডি ঘটে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না মুর্তু ভাই আর নেই।’

মুর্তজা পাওয়ারহাউজ পারফরমার ছিলেন ক্লাব ক্রিকেটে। তবে রঞ্জি ট্রফিতে মাত্র ৯ ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৩৪ ‍উইকেট।  

প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ২০০৪-০৫ মৌসুমে জেইউ (সল্ট লেক) মাঠে কর্নাটকের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন মুর্তজা।

এছাড়া মুর্তজা নিয়মিত যুক্তরাজ্যে ব্যস্ত সময় কাটিয়েছেন ক্লাব ক্রিকেট খেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত