আফগানদের বিপক্ষে হার দিয়ে সিরিজ শেষ করল যুবারা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০২ পিএম

টানা তিন জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে চতুর্থ ম্যাচটা জিতে নেয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সফরকারীরা জয় পেল পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতেও।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে ৩ উইকেটে হারে বাংলাদেশের যুবারা। ১৫৬ রানের লক্ষ্য আফগানরা ছুঁয়ে ফেলে ৩ বল বাকি থাকতে। ফলে বাংলাদেশ সিরিজ শেষ করল ৩-২ ব্যবধানে জিতে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন (১১) ও ইফতিখার হোসেন (২৬) উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৮ রান।

কিন্তু এই জুটির পতন হতেই পথ হারায় স্বাগতিকেরা। সাত নম্বরে নামা আবদুল্লাহ আল মামুনের ৮২ বলে ৩৭ রানে ৪৭.৪ ওভারে ১৫৫ রানের পুঁজি গড়ে বাংলাদেশের যুবারা।

আফগানিস্তানের পক্ষে বিলাল সামি ও নানগেয়ালিয়া খারোটে সর্বাধিক ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন ইজহারউল্লাহ নাভিদ ও শাহিদুল্লাহ হাসানি।

জবাব দিতে নেমে আশিকুর জামানের বোলিং তোপে শুরুটা ভালো করতে পারেনি আফগানরা। তবে তিন নম্বরে নামা ইসহাক জাজাইয়ের ৭৯ বলে ৫২ রানের ইনিংসে পথে রাখেন দলকে।

অধিনায়ক ইজাজ আহমেদ ৩২ ও নাজহারুল্লাহ নাভিদ অপরাজিত ২৯ রানের ইনিংসে দলকে জয় এনে দেন।

একই ভেন্যুতে ২২ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের একমাত্র চার দিনের ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত