বঙ্গবন্ধু শিক্ষা বীমা সংশ্লিষ্ট আর্থিক লেনদেন স্কুল ব্যাংকিং হিসাবের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এ জন্য কোনো ধরনের সার্ভিস চার্জ বা ফি কর্তন করতে পারবে না ব্যাংকগুলো।
গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ থেকে এ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়।
নির্দেশনায় ব্যাংকগুলোকে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও লেনদেন অব্যাহত রাখার বিষয়ে উৎসাহিত করতে বলা হয়।
জানা গেছে, সরকারের উদ্যোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় মুজিব শতবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জীবন বীমা করপোরেশন এর বীমাকারক হিসেবে দায়িত্ব পালন করবে। বীমা পলিসির প্রিমিয়াম মাসে ২৫ টাকা, বছরে ৩০০ টাকা, বীমার অঙ্ক ধরা হয়েছে ১ লাখ টাকা।
দেশের ৫৫টি ব্যাংক বর্তমানে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। গত মার্চ পর্যন্ত এসব ব্যাংকে ২৭ লাখ ৬৮ হাজার ৪৯৩টি হিসাব খোলে বিদ্যালয়গামী ছাত্রছাত্রীরা। এসব হিসাবে জমা ছিল প্রায় ২ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, স্কুল ব্যাংকিং হিসাবগুলোর মধ্যে ৫৭ শতাংশ শহরের শিক্ষার্থীদের, বাকি ৪৩ শতাংশ গ্রামের শিক্ষার্থীদের। মোট জমাকৃত আমানতের ৫৬ শতাংশ ছাত্রদের, বাকি ৪৪ শতাংশ আমানত ছাত্রীদের।
