৪ সন্তানসহ মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৫ এএম

লক্ষ্মীপুর শহরে চার সন্তানসহ মা মাহমুদা বেগম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে গত শনিবার রাতে পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল, পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার নাদিম মাহমুদ ও তার স্ত্রী মাহমুদা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তার তিন ছেলে জুলহাস (১০) মর্তুজা (৭) আরমান (৫) ও মেয়ে পান্নাকে (৬) জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে নিজেও বিষপান করেন। এ সময় সবার মৃত্যু নিশ্চিত করতে ঘরের দরজা বন্ধ করে ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। চার শিশুর চিৎকারে স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান ও আগুন নেভান। এ বিষয়ে মাহমুদা বেগমসহ পরিবারের অন্য কেউ কথা বলতে না চাইলেও ৬ বছরের শিশু পান্না জুস পান করানোর কথা জানিয়েছে।

তবে শিশুদের বাবা নাদিম মাহমুদ বলেন, স্ত্রী সব সময় টাকা-পয়সা চাইত। না দিলে সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিত। এ কারণে চার সন্তানসহ মাহমুদা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ জানান, বিষক্রিয়া নিয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত