সদ্য হালনাগাদ হওয়া আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস। তার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে তিন টি-টোয়েন্টি সিরিজে স্কটল্যান্ডকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে হারায় জিম্বাবুয়েনরা।
সিরিজে জিম্বাবুয়ের হয়ে ৪৪.৫ গড় ও ১০৪.৭ স্ট্রাইক রেটে দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ রান করেন উইলিয়ামস। যার মধ্যে স্কটিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে জয়ে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন তিনি।
একই ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে রিচি বেরিংটনের উইকেট নিয়ে জিম্বাবুয়েকে সিরিজে সমতায় ফেরাতে সাহায্য করেন উইলিয়ামস। তার পুরস্কারও হাতে নাতে পেলেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছে উইলিয়ামস।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের অবস্থান ধরে রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৭৫ রেটিং নিয়ে দুইয়ে আছেন তিনি। তার চেয়ে ১০ রেটিং নিয়ে শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবী।
