নাটোরে মুখ বেঁধে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর স্বামী আত্মহত্যা করেছে। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী রাশিদা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্বামী হাসান আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত হাসান আলী সদর উপজেলার নওগাঁ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কৃষক হাসান আলীর (৫৩) সঙ্গে দীর্ঘদিন থেকেই সাংসারিক নানা কারণে স্ত্রী রাশিদা বেগমের (৪২) মনোমালিন্য চলছিল। বুধবার সকালের দিকে হাসান আলীর সঙ্গে তার স্ত্রী রাশিদা বেগমের ঝগড়া লাগে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসান আলী ধারালো অস্ত্র দিয়ে রাশিদা বেগমকে এলোপাথারি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় রাশিদা বেগম দৌড়ে পাশের বাড়ির কাছে গিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে বেলা ১২টার দিকে হাসান আলীকে গ্রামের পাশের মাঠের একটি শিমুল গাছের ঔষধি বাগানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার পাশ থেকে বিষের বোতল উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর দুইটার দিকে হাসান আলী মারা যান।
নিহতের ভাতিজা জানান, নিহতের দুই ছেলে নাটোরের বাইরে থাকেন। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। তিনি শ্বশুর বাড়িতে থাকায় ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। আজকের ঝগড়ার প্রকৃত কারণ তারা কেউ বলতে পারছেন না।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
