মাদ্রাসার ছাত্রকে বলাৎকার, মুহতামিমসহ ৩ শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আলীনগর-ওয়াইজনগর মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা মক্তব বিভাগের ৯ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষক রমজান আলী (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রের দাদি বাদী হয়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে চারজনকে আসামি করে মামলা করেন। মূল আসামি রমজান আলীকে পালানোর সহায়তা করায় মুহতামিমসহ তিন শিক্ষককে গ্রেপ্তার করেছেন থানা-পুলিশ।

মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক রমজান আলী ১১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে মাদ্রাসার ভেতরে তার শয়ন কক্ষের বিছানায় ডেকে নিয়ে জোর পূর্বক শিশুটিকে বলাৎকারের চেষ্টা করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ছাত্রটিকে প্রাণনাশের হুমকি দেন ওই শিক্ষক।

অভিযুক্ত রমজান আলী পাবনা জেলার বেড়া উপজেলার নতুন মানিকনগর গ্রামের বাসিন্দা।

এদিকে, শিশুটির পরিবারের পক্ষ থেকে ঘটনাটি মাদ্রাসার মুহতামিম মো. সাইফুল ইসলাম ও অন্য দুই শিক্ষক আব্দুল আউয়াল এবং সাইফুলকে জানালে তারা মূল আসামি রমজান আলীকে পালাতে সহায়তা করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা নিয়ে মাদ্রাসার মুহতামিমসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত