ক্রুজ শিপের ব্যবসায় আসছে সি পার্ল রিসোর্ট

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৩ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা লিমিটেড ক্রুজ শিপের ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের অভ্যন্তরে নৌ-ভ্রমণের জন্য প্রাথমিকভাবে দুটি ক্রুজ শিপ কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গতকাল কোম্পানির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা লিমিটেডের কোম্পানি সচিব মো. আজহারুল মামুন দেশ রূপান্তরকে বলেন, দেশে চাহিদা থাকলেও নৌ-ভ্রমণের জন্য উন্নতমানের যানের ব্যবস্থা তেমন নেই। তাই আমাদের কোম্পানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, ব্যবসা সম্প্রারণের অংশ হিসেবে নৌ-ভ্রমণ খাতে বিনিয়োগের। বুধবারের পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে দুটি ক্রুজ শিপ কেনা হবে, যা দিয়ে খুলনা-সুন্দরবন রুটে পর্যটকদের ভ্রমণে ব্যবহার হবে। এসব নৌযানে অত্যাধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের মালিকানাধীন কোম্পানি হচ্ছে সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা লিমিটেড। রয়েল টিউলিপ হোটেলের বাণিজ্যিক যাত্রা শুরু হয় ২০১৫ সালে। কক্সবাজারের ইনানী সি বিচে ১৫ একর জায়গায় নির্মিত রয়েল টিউলিপ হোটেল। সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা লিমিটেড ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দেশে করোনা সংক্রমণের পর পর্যটন ব্যবসায় বিরূপ প্রভাব পড়ায় ২০১৯-২০ হিসাব বছরে লোকসানে পড়ে কোম্পানিটি। তবে ২০২০-২১ অর্থবছরে পর্যটন ব্যবসার অবস্থার তেমন উন্নতি না হলেও সামান্য মুনাফা করতে পেরেছে পাঁচ তারকা এই হোটেলটি। এ সময়ে শেয়ারপ্রতি ৬১ পয়সা আয় হওয়ায় শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত