পটুয়াখালীর দুমকিতে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের পলেস্তারা ধসে এক শিক্ষক আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
আহত শিক্ষক মো. ইউসুফ আলী জানান, সহকর্মী শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অফিস কক্ষে বসা অবস্থায় আকস্মিক জরাজীর্ণ ছাদ ও বিম থেকে অনেকাংশ পলেস্তারা ধসে আমার কাঁধে পড়ায় আহত হই। পরে সহকর্মী শিক্ষকরা আমাকে স্থানীয় ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ বলেন, পলেস্তারা ধসের খবর পেয়েছি। পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
