সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও পূর্বচরকৈজুরি গ্রামে শুক্রবার সকাল ৮ টার দিকে দুই পক্ষের হামলা সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত গোঞ্জের আলী খাঁ (৬০) পূর্বচর কৈজুরি গ্রামের মৃত মহরম খাঁর ছেলে।
আহতরা হলেন মামুন (২২), শফিকুল (৩৫), আইয়ুব আলী (৪৫), রেবা খাতুন (৪০), রঞ্জিতা (১৮), ছবি খাতুন (৫০), আমেনা খাতুন (৫৫), আনোয়ারা (৬৫), নাসিমা খাতুন (৩৫), আবু বক্কার (১৩), ইয়ামিন (২০), চম্পা (৩৫), আয়শা (৩৫), উর্মি (২০), কালু (২৪), সাইফুল (৩০), মনি (২৬), কামাল (১৭), রেজিনা (৪০) ও আমিরুল (২২)।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এ হামলা সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নারী, পুরুষ ও শিশুরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, ফালা, হলঙ্গা, হাসুয়া, রামদা, ঢাল, সর্কি নিয়ে একপক্ষ অপর পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ৬টি বাড়িঘর ভাঙচুর ও ধান, চাল, গরু, ছাগল ও আসবাবপত্র লুটপাট করা হয়।
আরও জানা যায়, এ সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এ হামলা সংঘর্ষে প্রতিপক্ষের ফালা ও হাতুড়ির আঘাতে কৈজুরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের গোঞ্জের আলী খাঁ (৬০) ওই ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামাণিক গ্রুপের লোকের ফালা ও হাতুড়ির আঘাতে নিহত হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী আরও জানায়, কৈজুরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের নাসিমা, আয়শা, সাইফুল, রেজিনা বলেন, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামাণিক গ্রুপের লোকজন তাদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের বাধা দিলে গোঞ্জেরকে ফালা ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে।
এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামাণিকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার পক্ষেও কেউ কোন বক্তব্য দিতে রাজি হয়নি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা কিনা। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
