ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের তেজ নিজের ভেতর ধারণ করেন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
শুক্রবার বিকেলে এফডিসির ‘মান্না ডিজিটাল কমপ্লেক্স’ মিলনাতয়নে ‘প্রীতিলতা’ সিনেমার মিট দ্য প্রেসে অংশ নিয়ে পরীমণি এ কথা বলেন।
জামিনে কারামুক্তির পর প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন পরীমনি। চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেওয়ার পর এবারই প্রথম তিনি এফডিসিতে গেলেন।
পরীমনি বলেন, ‘প্রীতিলতার মতো একটি চরিত্র আমাকে করতে দেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা দায়িত্ব। আমার ওপর বিশ্বাস রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব। প্রীতিলতা যেভাবে তাঁর মায়ের কাছে আশীর্বাদ চেয়েছিলেন, আমিও সবার কাছে সে রকম আশীর্বাদ চাই।’
পরীমনি বলেন, ‘প্রীতিলতাকে নিয়ে কি আমার বলার কথা? আমি শুধু চরিত্র হয়ে উঠতে চাই। আমার ভেতরে ধারণ করি সেই তেজটা। ঠিকমতো শুধু চরিত্র হয়ে উঠতে চেয়েছি।’
প্রীতিলতা হয়ে কেমন লাগছে জানতে চাইলে পরীমনি বলেন, ‘অনেক অনুভূতি আছে প্রকাশ করা যায় না। প্রীতিলতা আমার কাছে এমন একটা অনুভূতি, যেটা আমি হুট করে প্রকাশ করতে পারব না। আমরা চাই, আমরা কী করছি, সেটা সবাই পর্দায় দেখুক। দুই বছর ধরে আমি প্রীতিলতাকে ধারণ করার চেষ্টা করেছি। শুটিংয়ে যাওয়ার পর দেখলাম, আমার চরিত্রটির নাম অলিভিয়া...।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। ইতোমধ্যে চলচ্চিত্রটির ৩৫ শতাংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে আগামী অক্টোবর মাস থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘প্রীতিলতা’ ছবির অন্যতম অভিনয়শিল্পী শম্পা রেজা। জেলখানা থেকে প্রীতিলতার মাকে লেখা চিঠিটি সংবাদ সম্মেলনে তিনি আবৃত্তি করে শোনান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছবির প্রযোজক মহিত হাওলাদার, পরিচালক রাশেদ পলাশ, চিত্রনাট্যকার গোলাম রব্বানী প্রমুখ।
