ইভানার মৃত্যুর ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৭ পিএম

ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার কর্মকর্তা ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় শুক্রবার সন্ধ্যায় লিখিত অভিযোগ করা হয়েছে। ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী এ অভিযোগ করেন।

ইভানার মৃত্যুর ঘটনায় তার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান, স্বামীর প্রেমিকা ব্যারিস্টার সানজানা ইয়াসিন খান ও অধ্যাপক ডা. মুজিবুল হক জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার অভিযোগ গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী, ইভানার দুলাভাই ও তাদের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন শাহবাগ থানায় যান। পরে তার একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই ইভানাকে তার স্বামী রুম্মান শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। কিছুদিন আগে ইভানা জানতে পারেন, রুম্মান ব্যারিস্টার সানজানা ইয়াসিন খানের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। পরে ইভানা তার স্বামী রুম্মান ও সানজানার মধ্যে হোয়াটসঅ্যাপে প্রেমালাপের প্রমাণও পান এবং তার স্ক্রিনশট নিয়ে বন্ধুদের মেসেঞ্জারে পাঠান।  এ ছাড়া বেশ কিছুদিন ধরে রুম্মান ইভানাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছিল, যাতে রুম্মান নির্বিঘ্নে সানাজানার সঙ্গে ফোনে প্রেমালাপ করতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত