যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। এ বাড়িতে বসেই ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ করেছিলেন কবি, যা ভারত তথা সারা বাঙালির ঘরে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছিল।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ১৯১২ সালে লন্ডন সফরে টানা কয়েক মাস উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড হিথের ভিক্টোরিয়ান ভিলায় অবস্থান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ সময় তিনি ১০৩টি কাব্যের অনুবাদ করে নোবেল কমিটিকে দিয়েছিলেন। পরের বছর ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’র জন্য নোবেল পুরস্কার পান কবিগুরু। এরপর ১৯৩১ সাল পর্যন্ত যুক্তরাজ্য সফরে গিয়ে এ বাড়িতেই অনেকটা সময় কাটিয়েছিলেন তিনি।
২০১৫ সালে লন্ডন সফরে গিয়ে বাড়িটি দেখে এসে সরকারিভাবে কেনার জন্য মোদি সরকারকে চিঠি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু হেরিটেজ সম্পত্তি হওয়ায় সে সময় তা কেনা সম্ভব হয়নি। এরপর ২০১৫ ও ২০১৭ সালে দুবার বাড়িটি কিনে নিয়ে যথাযথভাবে সংরক্ষণে মমতা অনুরোধ জানালেও সরকার সাড়া দেয়নি। বর্তমানে বাড়িটি ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে পরিণত হওয়ায় তা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক।
ইতিমধ্যে তিন বেডরুমের বাড়িটির দাম উঠেছে ২৭ লাখ পাউন্ড (৩১ কোটি ৪৮ লাখ টাকা)। বাড়িটি বিক্রির দায়িত্ব ইউরোপিয়ান কোম্পানি গোল্ডস্মিথ অ্যান্ড হাওল্যান্ডের। এতদিন বাড়িটি হেরিটেজ স্বীকৃতি পেলেও হেরিটেজ ট্রাস্টের মেয়াদ শেষ হওয়ার পর তা বাড়ানো হয়নি। ফলে ১৮৬৩ সালে তৈরি ভিক্টোরিয়ান ভিলা ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়।
গোল্ডস্মিথ অ্যান্ড হাওল্যান্ডের পরিচালক ফিলিপ গ্রিন বলেন, ‘আমরা সম্পত্তির ব্যবসা করি। ভিক্টোরিয়ান ভিলা বিক্রির দায়িত্ব পেয়েছি। লন্ডনের মনোরম এলাকায় অবস্থিত বাড়িটি খুবই সুন্দর। এর ঐতিহাসিক গুরুত্বও অনেক। ব্রিটিশ আইন মেনে কেউ বাড়িটি কিনতে চাইলে এবং যথাযথ মূল্য দিলে অবশ্যই তাকে স্বাগত জানাব।’
